ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম সোনাকান্দায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগের বিরুদ্ধে এবার হাইকোর্টে রিট করেছেন স্থানীয় চার বাসিন্দা। সংশ্লিষ্ট জমিকে বন্যা প্রবাহ এলাকা ও প্রাকৃতিক জলাধার উল্লেখ করে অধিগ্রহণ বাতিল এবং এলাকাটি স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পশ্চিম সোনাকান্দার বাসিন্দা আব্দুল মতিন, মজিবর রহমান, রুফিজা বেগম ও পিয়ার আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে পশ্চিম সোনাকান্দার সংশ্লিষ্ট জমি মূল ও উপ-বন্যা প্রবাহ এলাকা এবং প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। এ জলাভূমি ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করে। এখানে মাটি ভরাট করে শিল্পকারখানা নির্মাণ করা হলে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে। এতে ঢাকা ও কেরানীগঞ্জে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিটকারীরা।
তবে সংশ্লিষ্টদের দাবি, স্মরণকালে এই এলাকায় কোনো বন্যা হয়নি। এলাকাটি পানি প্রবাহের স্বাভাবিক পথ নয় বলেও মনে করেন তারা। তাদের ভাষ্য, প্রকল্প এলাকার দুই পাশে খাল থাকায় পানি নিষ্কাশনের সুযোগ রয়েছে এবং জলাবদ্ধতার আশঙ্কাও নেই।
রিট আবেদনে আরও বলা হয়, বিসিক কেমিক্যাল পার্কের জমি এবং ২০১৫ সালে অধিগ্রহণ করা ৪০ দশমিক ৩১ একর সরকারি জমি এখনো অব্যবহৃত পড়ে রয়েছে। এরপরও নতুন করে ফসলি জমি ও বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে। এতে পৈতৃক ভিটা হারানোর শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রিটকারীদের অভিযোগ, এ উদ্যোগ আইনসম্মত নয় এবং এতে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে।
রিটে সংশ্লিষ্ট জমি অধিগ্রহণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এলাকাটিকে কেন বন্যা প্রবাহ এলাকা হিসেবে সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
একই সঙ্গে বুয়েটের নগর পরিকল্পনাবিদ, পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ ও স্বতন্ত্র হাইড্রোলজিস্টদের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বন্যা প্রবাহ এলাকার বর্তমান অবস্থা এবং জমি অধিগ্রহণের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্তব্য করুন