কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক গ্যাস ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকায় জেলা এনএসআই, ঢাকার তথ্য ও সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে মেসার্স লিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইলিয়াসের উঁচু প্রাচীরঘেরা বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
অভিযুক্ত ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার। তার বাজারে বৈধ গোডাউন থাকা সত্ত্বেও বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধভাবে গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার বাড়িতে রাখা হয়েছিল।
পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারার ৬(১) অনুযায়ী মোহাম্মদ ইলিয়াসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মন্তব্য করুন