
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান হান্ডা কোম্পানি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রস্তাবিত এ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে জমির দখল হস্তান্তর করা হয়। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মো. রাশেদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে হান্ডা কোম্পানির। এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’-এর মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) ও তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তিনি আরও বলেন, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, ‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।
মন্তব্য করুন