কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলে কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন। সমাবেশে ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহীনুর ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. দেলোয়ার হোসাইন অভিযোগ করেন, প্রশাসনের মাধ্যমে জামায়াতের নেতাকর্মীদের ‘আওয়ামী লীগের ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, জনগণ আর তাদের চায় না এবং তাদের আমলনামা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। দ্রুত সব অপকর্ম থেকে বের হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের এক কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান জেলা জামায়াতের আমির।
পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং দুই থানায় স্মারকলিপি দেন।
মন্তব্য করুন