কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঃঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা,হেরোইন ও গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকার মাদক ব্যবসায়ী মোঃ জনি (২৮) ও রিদয় ওরফে নাদিম (১৯) এবং
দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকার হেলাল (৪৩)।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান। তিনি জানান, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পৃথক তিনটি চৌকসদল
কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মান্দাইলের নাহার কমিউনিটি সেন্টারের সামনে মাদক ব্যবসায়ী জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। একই রাত পৌনে ১১টার দিকে দোলেশ্বর চৌরাস্তার পাশে ওয়ালটন প্লাজার সামনে থেকে মাদক ব্যবসায়ী হেলালকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাসি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১ টার সময় মান্দাইলের ডরিন কেক অ্যান্ড পেস্ট্রির গলিতে অভিযান চালিয়ে রিদয় ওরফে নাদিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে বলেন, তারা দেশের সিমান্তবর্তি এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
ডিবি পুলিশ জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন