সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর ফলন্ত পেঁপে বাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভাকুর্তা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি জসিম ও তার ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের ঝাউচর গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সদর আলী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামে ব্যবসায়ী সদর আলী দীর্ঘদিন ধরে তার জমিতে পেঁপে চাষ করে আসছিলেন। বাগানটিতে বর্তমানে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছিল। কিন্তু প্রতিবেশী ভাকুর্তা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি জসিম ও তার ছেলে রুহুল আমিনের সাথে সদর আলীর পূর্ব শত্রুতা ও বিরোধ চলছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় জসিম ও তার ছেলের অতর্কিতভাবে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সব পেঁপে গাছ কেটে সাবাড় করে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো বাগানটি ধ্বংসস্তূপে পরিণত হয়, এতে ব্যবসায়ী সদর আলীর চরম আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সদর আলী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে আমি এই পেঁপে বাগানটি বড় করেছিলাম। আর কিছুদিন পরই ফল বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু জসিম ও তার ছেলে রুহুল আমিন আমার সেই স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিল। এবং আমার বাসার কেয়ারটেকার সবুজের উপর হামলা চালানো হয়, এ ঘটনায় আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্ত কৃষক লীগ নেতা ও তার ছেলের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন