কেরানীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ ক্রিকেটের আইকনিক তারকা মোহাম্মদ রফিকের জন্মভূমি কেরানীগঞ্জ। তবে তার সাফল্যের আড়ালে অনেকটাই চাপা পড়ে গেছেন এই জনপদের আরও দুই নিবেদিতপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব—সোহেল আহমেদ টিটু ও আরিফ সোলাইমান। খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ে বড় সাফল্য না পেলেও কোচ হিসেবে তারা গড়ে তুলেছেন অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার।
দীর্ঘদিন ধরে ঢাকার ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ ছিলেন সোহেল আহমেদ টিটু ও আরিফ সোলাইমান। তাদের হাত ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার অনেক ক্রিকেটার ঢাকার মাঠে নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের প্রশিক্ষণে গড়ে ওঠা একাধিক খেলোয়াড় বয়সভিত্তিক জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় নারী দলে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে প্রায় অর্ধশত ক্রিকেটার বর্তমানে বিভিন্ন ক্লাবে খেলছেন।
তবে নানা প্রতিকূলতা, বিশেষ করে রাজনৈতিকসহ বিভিন্ন কারণে ধীরে ধীরে মাঠের বাইরে চলে যেতে হয়েছে এই দুই কোচকে। সোহেল আহমেদ টিটু অনেক আগেই কোচিং ছেড়ে দেন। এবার একই পথে হাঁটলেন আরিফ সোলাইমান।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে কোচিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরিফ সোলাইমান। তিনি দীর্ঘদিন বেয়ারা ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সর্বশেষ নাখালপাড়া ক্রিকেট একাডেমি ও এক্সিট ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেছেন।
এ বিষয়ে আরিফ সোলাইমান বলেন, “আমি আসলে কাজ করতে পারছি না। ছেলেগুলোকে অনেক কষ্টে দাঁড় করিয়েছিলাম। ৭০ শতাংশ ছেলে-মেয়ে ইতোমধ্যে ক্রিকেট ছেড়ে দিয়েছে। বাকি ৩০ শতাংশের অবস্থাও ভালো না। অথচ আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। তাই নিজের আবেগের তাড়নায় কোচিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
কেরানীগঞ্জের ক্রিকেটে টিটু ও আরিফের মতো নিবেদিতপ্রাণ কোচদের অবদান স্থানীয় ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের হাত ধরে গড়ে ওঠা অসংখ্য ক্রিকেটার এখনও দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তবে তাদের মাঠ ছাড়ার ঘটনায় কেরানীগঞ্জের ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কেরানীগঞ্জের কলাতিয়ায় জুয়া খেলার সময় ৫ জন গ্রেপ্তার