কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ভিন্ন দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় কেরানীগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। এছাড়া আরও দুই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একজনের বাড়ি রামেরকান্দ এলাকায়, একজন মান্দাইল এবং অপরজন দেউশুর গ্রামে।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী সংলগ্ন গুলিস্তান-নবাবগঞ্জ সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিসাল, লাদিন ও শাওন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আজ সকালে রিসাল মারা যান। বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজনের পায়ে মারাত্মক জখম হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অন্যদিকে, বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের দেউশুর গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।
পুলিশ ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার হোসেন দুটি মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন। পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমান সিকদারের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
এদিকে, কেরানীগঞ্জে সংঘটিত পৃথক দুর্ঘটনায় আহত দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ দুটি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।
মন্তব্য করুন