প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম। ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কের পাশে কাপড়ে মোড়ানো ও রক্তমাখা অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তিনি তাঁর স্ত্রী হেনা বেগমকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় দ্রুত শিশুটিকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

হাসপাতালের মিডওয়াইফ জয়া খন্দকার গণমাধ্যমকে জানান,পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সতর্কতা হিসেবে তাকে আরও তিন দিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হবে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও উমর ফারুক শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার সার্বিক তদারকির দায়িত্ব নেন।

এ বিষয়ে ইউএনও উমর ফারুক বলেন, পরিত্যক্ত অবস্থায় সদ্যোজাত শিশুটিকে উদ্ধারের ঘটনাটি অত্যন্ত মানবিক ও মর্মান্তিক। আমরা তার চিকিৎসা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়, সে জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।