কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কেরানীগঞ্জ থেকে এবং অপরজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯) নামে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা নাজিম ও আকাশকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, আটক দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার একটি ফ্ল্যাট থেকে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট। তিনি সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে মাসুদ রানা রাজধানী ঢাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছিলেন। এ সময় কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে সামনের সারিতে দেখা যেত।
মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি তার একাধিক সহযোগী নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা ছাত্রলীগের এক সহসভাপতি জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজধানীর একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করছিলেন। বুধবার সকালে ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে তাকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।