শামসুল ইসলাম সনেট,কেরানীগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বাক্তারচর গ্রামের তরুণ ক্রিকেটার আশরাফুল হক সৌরভ স্থানীয় ক্রিকেট অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে। বেয়ারা ক্রিকেট একাডেমিতে বেড়ে ওঠা এই ক্রিকেটার ছোটবেলা থেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন।
স্থানীয় লিগ দিয়ে শুরু করে তিনি ঢাকা বিভাগের তৃতীয় ও দ্বিতীয় বিভাগ পেরিয়ে বর্তমানে খেলছেন প্রথম বিভাগ ক্রিকেট লীগে। ক্লাব পর্যায়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও এক্সিউম ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন।চলতি মৌসুমে বসুন্ধরা গ্রুপের দল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করে দলকে প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন করে প্রিমিয়ার লীগ ডিভিশনে উত্তীর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৌরভ। পাশাপাশি তিনি ঢাকা জেলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য হিসেবেও খেলছেন।
মূলত পেস বোলার হলেও ব্যাট হাতেও সমান দক্ষ এই অলরাউন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচে তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও দলকে জয়ের পথে এগিয়ে দেয়।
ক্রিকেট বলের পাশাপাশি টেপ বল ক্রিকেটেও সমান পারদর্শিতা দেখিয়ে ইতোমধ্যে নিজ এলাকা ছাড়িয়ে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন এই উদীয়মান ক্রিকেটার।
মন্তব্য করুন