কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টায় কলাতিয়ার আকসাইল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাওয়াল ক্লাব।
এর আগে খেলার উদ্বোধন করেন ঢাকা-২ আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
আক্রমণ পাল্টা আক্রমণের জমে উঠা খেলা প্রথমার্ধে গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে এক গোল করে এগিয়ে যায় তারানগরের ঐতিহ্যবাহী ভাওয়াল ক্লাব। একের পর এক আক্রমণ করে গোল পরিশোধ করতে পারেনি কলাতিয়ার মানিকনগর স্পোর্টিং ক্লাব। ফলে ১-০ গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার দর্শনার্থী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। আমার দলের কেউ মাদক বিক্রি বা সেবন করলে তাকে পুলিশে দিন। দেশে কোন মাদক থাকবেনা।
পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন